দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যুবক

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যুবক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৭, ৯ জুন ২০২৬

Google News
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যুবক

শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এর মধ্যেই শেরপুরে এক ব্যতিক্রমী দলবদলের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল সমর্থকগোষ্ঠীতে যোগ দিয়েছেন দেবপ্রিয় দাস শিবু নামের এক সমর্থক। গতকাল সোমবার রাতে শহরের চাপাতলি মহল্লায় ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলবদলের ঘটনা ঘটে।

দলবদল শেষে সামাজিক মাধ্যমে যোগদানের ভিডিও প্রকাশ করেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। আর্জেন্টিনা সমর্থকেরা এ ঘটনার সমালোচনা ও নিন্দা করে ব্রাজিল সমর্থকদেরও আর্জেন্টিনার দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছেন। তারা দল ছেড়ে আসা দেবপ্রিয় দাস শিবুকে ‘স্বার্থপর ও সুবিধাবাদী’ বলে আখ্যায়িত করেছেন।

জানা গেছে, শহরের ঢাকলহাটী মহল্লার বাসিন্দা দেবপ্রিয় আর্জেন্টিনার সমর্থক ছিলেন। গতবার বিশ্বকাপ জয়ের পর তার নেতৃত্বে এলাকায় বিজয় মিছিল থেকে শুরু করে নানা আয়োজন করা হয়। 

দলবদল করার কারণ জানতে চাইলে দেবপ্রিয় দাস শিবু বলেন, ‘লিওনেল মেসি আমার প্রিয় খেলোয়াড়। তার জন্যই আর্জেন্টিনাকে সমর্থন করতাম। এবারই মেসির শেষ বিশ্বকাপ। তা ছাড়া আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড় নেই। তাই তাদের ওপর ভরসা করতে পারছি না। পক্ষান্তরে পৃথিবীর বড় বড় ক্লাবে ব্রাজিলের খেলোয়াড়দের ছড়াছড়ি। এবার দলে রয়েছে সেরা সেরা খেলোয়াড়। তাই শৈল্পিক ফুটবল দল ব্রাজিলে যোগ দিয়েছি। নেইমার, ভিনিসিয়ুস, রাফিনহাকে আমার ভালো লাগে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহের খান অপু নামে এক স্থানীয় বাসিন্দা দেবপ্রিয়কে ব্রাজিল দল সম্পর্কে নানা তথ্য দিয়ে যোগ দিতে উৎসাহিত করেন। তারকা খেলোয়াড় নেইমার, ভিনিসিয়ুস, রাফিনহা, মার্কিনহোস, এনড্রিকসহ অনেক ফুটবলারদের তথ্য তার সামনে তুলে ধরেন। খেলোয়াড়দের তথ্যে মুগ্ধ হয়ে দেবপ্রিয় সিদ্ধান্ত নেন, তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলে যোগ দেবেন। পরবর্তীতে ব্রাজিল সমর্থকেরা ৮০ টাকা কেজি দরে ১০ কেজি দুধ কিনে তাঁকে গোসল করিয়ে ব্রাজিল দলে গ্রহণ করে নেন।

কথা হয় মেহের খান অপুর সঙ্গে। তিনি বলেন, ‘মনেপ্রাণে ব্রাজিলে যোগদান করায় সবাই মিলে ৮০০ টাকার দুধ কিনে গোসল করিয়ে দেবপ্রিয়কে আমাদের দলে নিয়ে এসেছি। আর্জেন্টিনার সাথে সকল সম্পর্ক ত্যাগ করে গোসলের পর দেবপ্রিয় ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নেন। এ অনুষ্ঠানে অনেক ব্রাজিল সমর্থক তাঁকে করতালি দিয়ে, বুকে জড়িয়ে গ্রহণ করে নেন।’

ভবিষ্যতে যারাই আর্জেন্টিনাকে ছেড়ে আসবেন, তাদেরকেও দুধ দিয়ে গোসল করিয়ে গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই দলবদলে দেবপ্রিয়র বন্ধু ও ব্রাজিল সমর্থক আসাদুজ্জামান রাজা বলেন, ‘শুধু মেসিকে ভালোবেসে আর্জেন্টিনার সমর্থক হন দেবপ্রিয়। তা ছাড়া মেসির এটাই শেষ বিশ্বকাপ। তাই তারকাহীন আর্জেন্টিনাকে ত্যাগ করেছে দেবপ্রিয়। হলুদ শিবিরে যোগ দেওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

এদিকে কট্টর সমর্থক ব্রাজিলে যোগ দেওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর্জেন্টাইন শিবিরে। জেলার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য শহরের মাধবপুর মহল্লার বাসিন্দা পিপুল সরকার ও সজবরখিলা মহল্লার বাসিন্দা মুক্তা মিয়া বলেন, ‘ষড়যন্ত্র করে ভুলভাল বুঝিয়ে, অসত্য কথা বলে, অল্প বয়সী একজন শিক্ষার্থীকে দলে নিয়েছে ব্রাজিল সমর্থকেরা।’

তিনি বলেন, কয়েকদিনের মধ্যে তারাও ব্রাজিল থেকে আর্জেন্টিনা দলে বেশ কয়েকজনকে নিয়ে আসবেন। দুধের সঙ্গে ঘি মিশিয়ে গোসল করিয়ে যোগদান করাবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের