চীনের জাহাজ নির্মাণশিল্প পরিবেশবান্ধব ও স্মার্ট উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক সামুদ্রিক খাতে কার্বন নির্গমন কমাতেও দিচ্ছে নতুন সমাধান। সম্প্রতি গ্রিসের অ্যাথেন্সে চীনের অর্থনৈতিক তথ্য সেবার শাংহাই সদর দপ্তর, চীনের জাহাজ নির্মাণ অর্থনৈতিক গবেষণা কেন্দ্র এবং সিনহুয়া সংবাদ সংস্থার ইউরোপ আঞ্চলিক ব্যুরোর যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ধীরে ধীরে বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাতা থেকে বৈশ্বিক শিপবিল্ডিং শিল্পের শীর্ষস্থানীয় খেলোয়াড়ে পরিণত হচ্ছে, যেখানে উদ্ভাবন, সবুজ উন্নয়ন এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং প্রধান ভূমিকা রাখছে।
২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনের শিপইয়ার্ডগুলোতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। নতুন অর্ডার গত বছরের তুলনায় ১৯০ শতাংশের বেশি বেড়েছে। এর মধ্যে ৮০.২ শতাংশ অর্ডার ছিল পরিবেশবান্ধব জাহাজের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন ইতোমধ্যে এলএনজি, মিথানল, অ্যামোনিয়া ও হাইড্রোজেনসহ বিকল্প সামুদ্রিক জ্বালানির একটি বৈচিত্র্যময় শিল্পব্যবস্থা গড়ে তুলেছে। পাশাপাশি স্মার্ট ফ্যাক্টরি ও ডিজিটাল উৎপাদন ব্যবস্থার মাধ্যমে স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়েও অগ্রগতি হয়েছে।
তবে প্রতিবেদনে বৈশ্বিক ডিকার্বনাইজেশন নীতির অনিশ্চয়তা, বিকল্প জ্বালানির অবকাঠামোর ঘাটতি এবং ছোট সরবরাহকারীদের ডিজিটালাইজেশনে পিছিয়ে থাকার মতো কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

