টানা ভারী বর্ষণের ফলে দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শনিবার থেকে রোববার পর্যন্ত চলা প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ইতোমধ্যে প্রায় ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ছিয়ানসি ও চুনইয়ি শহর এবং ছাংশুন কাউন্টি।
ছিয়ানসি শহরে শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত টানা বর্ষণে শহরের ৩০টি টাউনশিপই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫টি টাউনশিপে রেকর্ড পরিমাণ অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার জরুরি তৎপরতা চালাচ্ছে। ছিয়ানসি থেকে এ পর্যন্ত ৪৯১টি পরিবারের এক হাজার ৩৭৭ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আটকে পড়া ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ছাংশুন কাউন্টিতে থেকে প্রায় এক হাজার পরিবারের ৩ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় প্রশাসন।
পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার সন্ধ্যা ৬টায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার জন্য সর্বোচ্চ পর্যায়ের ‘লাল সতর্কতা’ জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার রাত ৮টা থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব গুইঝৌর বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।
এই পরিস্থিতিতে 'ছিয়ানতুংনান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত অঞ্চল'-এর ২৭টি নদীর ওপর নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে এবং মাঠে হাজার হাজার সরকারি কর্মকর্তা ও বন্যা নিয়ন্ত্রণকর্মী মোতায়েন রয়েছেন। রোববার সন্ধ্যা পর্যন্ত এই অঞ্চল থেকে এক হাজার ৩২২টি পরিবারের চার হাজার ৫৮২ জন বাসিন্দাকে আগাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও ২১ হাজার ৭৫৪ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

