প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বহুল আলোচিত ও সম্ভাব্য তালিকায় থাকা ‘চীনা অর্থনৈতিক অঞ্চল’ প্রকল্পটি সভায় অনুমোদন পায়নি।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের সভায় মোট ১২টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১০টি প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি এবং পানিসম্পদ, ভূমি, পল্লী উন্নয়ন, সড়ক পরিবহন, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও জ্বালানি মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।
অনুমোদিত ১০টি প্রকল্পগুলো হলো-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধন)’ প্রকল্প।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রকল্প—‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (তৃতীয় সংশোধন)’ এবং ‘দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প।
ভূমি মন্ত্রণালয়ের ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ’ প্রকল্প।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’ প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (প্রথম সংশোধিত)’ প্রকল্প।
পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প।
এদিন সভায় চার হাজার কোটি টাকা ব্যয়ের চট্টগ্রামের আনোয়ারায় ‘চীনা অর্থনৈতিক জোন স্থাপন’ প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

