ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র ওপর পুরোনো ব্যাংক দখলকারীদের নজর পড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (০৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ তোলেন।
ড. শফিকুর রহমান বলেন, একটি নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে চিহ্নিত এক ব্যক্তিকে বসানো হয়েছে। এসময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে বিতর্কিত এস আলম গ্রুপকে আবারও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
উক্ত অধিবেশনে জামায়াতে ইসলামীর অন্য সংসদ সদস্যরাও আলোচনায় অংশ নিয়ে ব্যাংকটির বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অধিবেশনে জামায়াত আমিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রেগুলেটরি অথরিটি বা নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে আইন মেনেই ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংক অতীতে যেসব কর্মী নিয়োগ দিয়েছে, তাদের প্রায় সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী। পাশাপাশি তিনি ঘোষণা দেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যেসব প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে, সেগুলোর স্বচ্ছতা নিশ্চিতে তদন্ত করা হবে।
দেশ থেকে অর্থ পাচারকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সাধারণ মানুষের আমানতের টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও সংসদে কথা বলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

