টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে এসব নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিছু স্থানে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে পাঁচ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বেড়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে এ দুটি নদীর পানিও বাড়তে পারে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও বর্তমান বন্যা পরিস্থিতি স্থিতিশীলও থাকতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন এ দুই নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এর ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনে এ নদীগুলোর পানিও বাড়তে পারে। ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। যদিও ঘাঘট, আত্রাই, করতোয়া ও ছোট যমুনা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানিও আবার বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রেডিওটুডে নিউজ/আনাম

