কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোল মিল ভেঙে যাওয়ায় বর্তমানে দেশের প্রথম কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি কোল মিল ভেঙে যায়। এতে ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎকেন্দ্রটির দু’টি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। সবশেষ বুধবার দু’টি কোল মিল ভেঙে যাওয়ায় চালু থাকা একটি ইউনিটও বন্ধ হয়ে গেলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি কোল মিল ভেঙে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। পাথর মিশ্রিত কয়লার কারণে এ ঘটনা ঘটতে পারে।
তবে ইউনিটটি আবারও চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, আশা করি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই ইউনিটটি চালু হবে এবং আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

