শনিবার,

৩১ অক্টোবর ২০২৬,

১৬ কার্তিক ১৪৩৩

শনিবার,

৩১ অক্টোবর ২০২৬,

১৬ কার্তিক ১৪৩৩

Radio Today News

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৯, ৩১ অক্টোবর ২০২৬

Google News
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

উন্নত দেশগুলো শুধু প্রযুক্তি ব্যবহারই করছে না, বরং নিজেরাই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করছে। আমাদেরও এ সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ’ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী বিজ্ঞান কার্নিভালের বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প পরিদর্শন করেন। এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কার্নিভালের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী এবং প্রকল্প উপস্থাপনায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প প্রদর্শিত হয়। উৎসবে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্প লেখা ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে একটি ফোর-ডি মুভি বাস ও একটি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কার্নিভাল আজ বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের