যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের ক্রুসহ মোট আটজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশন চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ার পরপরই আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়, যা মাইলের পর মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিমানঘাঁটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মার্কিন বিমান বাহিনীর কর্নেল জেমস হেইস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আজ এডওয়ার্ডস বিমানঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।’
প্রাথমিকভাবে নিহতদের সুনির্দিষ্ট নাম ও পরিচয় প্রকাশ না করে তিনি জানান যে নিহত ব্যক্তিরা সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ছিলেন। বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ও আকস্মিক ছিল যে সেখান থেকে আরোহীদের কারো বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব ছিল না।
রেডিওটুডে নিউজ/আনাম

