প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিল ভারত

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২১ জুলাই ২০২৬

Google News
প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিল ভারত

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি কিউডেঙ্গা নামের এই টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের জন্য অনুমোদন পেয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউডেঙ্গা একটি লাইভ-অ্যাটেনুয়েটেড টেট্রাভ্যালেন্ট টিকা, যা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। টিকাটি দুই ডোজে দেওয়া হবে এবং দুটি ডোজের মধ্যে তিন মাসের ব্যবধান থাকবে।

প্রতিষ্ঠানটির দাবি, আগে ডেঙ্গু হয়েছিল কি না, তা বিবেচনা না করেই এই টিকা নেওয়া যাবে। এছাড়া টিকা দেওয়ার আগে কোনো ধরনের স্ক্রিনিংয়েরও প্রয়োজন হবে না।

ভারতে গত দুই দশকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে। বর্তমানে বিশ্বের মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ভারতে ঘটে। যদিও বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় আরও অনেক বেশি।

টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে তাকেদার বৈশ্বিক ক্লিনিক্যাল উন্নয়ন কর্মসূচির তথ্যের ভিত্তিতে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের মোট ১৯টি ক্লিনিক্যাল ট্রায়ালে ডেঙ্গু-প্রবণ ও ডেঙ্গু-অপ্রবণ বিভিন্ন অঞ্চলের ২৮ হাজারের বেশি মানুষ অংশ নেন।

প্রতিষ্ঠানটির প্রধান তৃতীয় ধাপের টিডেস পরীক্ষায় আটটি ডেঙ্গু-প্রবণ দেশের ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী ছিলেন। এতে দ্বিতীয় ডোজ নেওয়ার ১২ মাস পর পরীক্ষাগারে নিশ্চিত হওয়া ডেঙ্গু প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল ৮০ দশমিক ২ শতাংশ। আর ডেঙ্গুজনিত হাসপাতালে ভর্তি প্রতিরোধে ১৮ মাস পর কার্যকারিতা ছিল ৯০ দশমিক ৪ শতাংশ।

এ ছাড়া সাড়ে চার বছরের অনুসরণমূলক গবেষণায় ডেঙ্গুজনিত হাসপাতালে ভর্তি প্রতিরোধে কার্যকারিতা ৮৪ দশমিক ১ শতাংশ পাওয়া যায়। সাত বছরের পর্যবেক্ষণেও চার ধরনের ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধেই টিকাটির দীর্ঘমেয়াদি সুরক্ষা বজায় থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতে ৪ থেকে ৬০ বছর বয়সীদের নিয়ে পরিচালিত পৃথক তৃতীয় ধাপের এক পরীক্ষাতেও টিকাটি শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিরাপদ, সহনীয় এবং কার্যকর রোগপ্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

তাকেদার তথ্য অনুযায়ী, কিউডেঙ্গা ইতোমধ্যে এশিয়া, লাতিন আমেরিকা ও ইউরোপের ৪৩টি দেশে অনুমোদন পেয়েছে। এ পর্যন্ত ৩ কোটি ২০ লাখের বেশি ডোজ সরবরাহ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেঙ্গুর উচ্চ সংক্রমণ রয়েছে এমন এলাকায় টিকাটি ব্যবহারের সুপারিশ করেছে এবং এটি ডব্লিউএইচওর প্রাক-যোগ্যতাও (প্রি-কোয়ালিফিকেশন) অর্জন করেছে।

বর্তমানে ব্রাজিলের জাতীয় টিকাদান কর্মসূচিতে কিউডেঙ্গা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতেও সরকারি কর্মসূচির আওতায় টিকাটি ব্যবহার করা হচ্ছে।

তাকেদা জানিয়েছে, ভারতে টিকাটির সরবরাহ ও প্রয়োগ নিশ্চিত করতে তারা দেশটির নিয়ন্ত্রক সংস্থা, জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সূত্র-দ্য হিন্দু

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের