বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

সন্ধ্যার খাবারে রাখতে পারেন ৮ ধরনের স্যুপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৪, ২২ অক্টোবর ২০২৬

Google News
সন্ধ্যার খাবারে রাখতে পারেন ৮ ধরনের স্যুপ

সন্ধ্যার খাবার তৈরি করতে বেশি সময় ব্যয় করতে চান না? ঘরে থাকা সবজি, ডাল, মুরগির মাংস কিংবা মাশরুম দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু স্যুপ। আবহাওয়া বদলের সময়ে গরম এক বাটি স্যুপ যেমন আরামদায়ক, তেমনি উপকরণ অনুযায়ী এটি হতে পারে পুষ্টিকর খাবারেরও ভালো বিকল্প।

টমেটো স্যুপ থেকে শুরু করে মুরগির মাংস কিংবা ডালের স্যুপ—স্বাদ ও পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন বিভিন্ন পদ। জেনে নিন সহজে তৈরি করা যায় এমন আট ধরনের স্যুপের রেসিপি।

১. টমেটো স্যুপ

টমেটো স্যুপ তৈরি করা সহজ। প্রথমে একটি পাত্রে সামান্য তেল বা মাখন গরম করে কুচি করা পেঁয়াজ ও রসুন ভেজে নিন।

এরপর কাটা টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এবার পানি বা সবজির স্টক দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন।
টমেটো ভালোভাবে সেদ্ধ হলে মিশ্রণটি ব্লেন্ড করে নিন। স্বাদমতো লবণ ও গোলমরিচ মিশিয়ে আবার গরম করুন।

ওপরে ধনেপাতা বা তুলসীপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন আটার পাউরুটি বা গার্লিক ব্রেড।

 ২. সুইট কর্ন স্যুপ

হালকা মিষ্টি স্বাদের স্যুপ পছন্দ হলে সুইট কর্ন স্যুপ তৈরি করতে পারেন। প্রথমে সেদ্ধ মিষ্টি ভুট্টার কিছু অংশ পানি বা সবজির স্টক দিয়ে ব্লেন্ড করে নিন। বাকি ভুট্টা দানা অক্ষত রাখুন।

একটি পাত্রে সামান্য তেল গরম করে কুচি করা গাজর, শিম ও পেঁয়াজপাতা হালকা ভেজে নিন। এরপর ব্লেন্ড করা ভুট্টা ও বাকি দানা দিয়ে প্রয়োজনমতো পানি মেশান। লবণ ও গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুইট কর্ন স্যুপ।

৩. ক্লিয়ার ভেজিটেবল স্যুপ

খাবারে সবজি বাড়ানোর সহজ উপায় হতে পারে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। এটি তৈরির জন্য একটি পাত্রে সামান্য তেল গরম করে কুচি করা রসুন, গাজর, বাঁধাকপি, শিম ও পেঁয়াজপাতা ভেজে নিন।

এরপর পানি বা সবজির স্টক দিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। তবে সবজি যেন একেবারে গলে না যায়, সেদিকে খেয়াল রাখুন। স্বাদমতো লবণ ও গোলমরিচ মিশিয়ে চাইলে সামান্য লেবুর রস যোগ করতে পারেন। আরও পুষ্টিকর করতে এতে টফুও দেওয়া যায়।

৪. চিকেন স্যুপ

রাতের খাবারে একটু বেশি তৃপ্তি পেতে তৈরি করতে পারেন চিকেন স্যুপ। প্রথমে হাড়ছাড়া মুরগির মাংস ছোট টুকরা করে নিন। একটি পাত্রে মুরগির মাংস, কুচি করা রসুন, আদা, গাজর ও পেঁয়াজ দিয়ে পানি বা চিকেন স্টক মেশান।

মুরগির মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। চাইলে মাংস ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন। এরপর লবণ, গোলমরিচ ও সামান্য লেবুর রস দিন। পরিবেশনের আগে ধনেপাতা ছড়িয়ে দিন। স্যুপটি আরও পেটভরা করতে অল্প নুডলস বা সেদ্ধ ভাত যোগ করতে পারেন।

৫. পালংশাকের স্যুপ

পালংশাক দিয়ে সহজেই তৈরি করা যায় পুষ্টিকর স্যুপ। প্রথমে একটি পাত্রে সামান্য তেল বা মাখন গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। এরপর ভালোভাবে ধুয়ে নেওয়া পালংশাক দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

এবার পানি বা সবজির স্টক দিয়ে অল্প সময় ফুটিয়ে মিশ্রণটি ব্লেন্ড করুন। আরও মসৃণ ও ক্রিমি স্বাদ পেতে সামান্য দুধ মেশাতে পারেন। লবণ ও গোলমরিচ দিয়ে কিছুক্ষণ গরম করে নিলেই তৈরি পালংশাকের স্যুপ। পরিবেশনের সময় সঙ্গে রাখতে পারেন টোস্ট করা পাউরুটি।

৬. ডালের স্যুপ

হালকা হলেও পেটভরা খাবার চাইলে ডালের স্যুপ ভালো বিকল্প। এ জন্য মসুর ডাল বা মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিন। এরপর ডালের সঙ্গে কুচি করা টমেটো, পেঁয়াজ, রসুন, হলুদ ও পানি দিয়ে সেদ্ধ করুন।

ডাল নরম হয়ে এলে চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আবার দানাদার অবস্থাতেও রাখা যায়। এরপর জিরা, গোলমরিচ ও লবণ মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পরিবেশনের আগে ধনেপাতা ও সামান্য লেবুর রস যোগ করতে পারেন। সঙ্গে আটার পাউরুটি রাখলে খাবারটি আরও পরিপূর্ণ হবে।

৭. মাশরুম স্যুপ

মাশরুমের স্বাদ পছন্দ হলে তৈরি করতে পারেন মাশরুম স্যুপ। প্রথমে মাশরুম কুচি করে নিন। একটি পাত্রে সামান্য তেল বা মাখন গরম করে পেঁয়াজ ও রসুন ভাজুন। এরপর মাশরুম দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

এবার সবজির স্টক বা পানি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। মসৃণ স্যুপ চাইলে পুরো মিশ্রণটি ব্লেন্ড করুন। আর মাশরুমের টুকরা রাখতে চাইলে আংশিক ব্লেন্ড করতে পারেন। শেষে সামান্য দুধ, লবণ, গোলমরিচ ও পছন্দের হার্বস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। সঙ্গে টোস্ট করা পাউরুটি বা সালাদ রাখতে পারেন।

৮. গাজর ও আদার স্যুপ

গাজরের স্বাভাবিক মিষ্টি স্বাদ ও আদার ঝাঁজের মিশেলে তৈরি করা যায় গাজর-আদার স্যুপ। প্রথমে একটি পাত্রে সামান্য তেল গরম করে কুচি করা পেঁয়াজ ও অল্প আদা ভেজে নিন। এরপর টুকরা করা গাজর ও সবজির স্টক দিয়ে সেদ্ধ করুন।

গাজর নরম হয়ে এলে মিশ্রণটি ব্লেন্ড করে মসৃণ করে নিন। স্যুপ বেশি ঘন হলে প্রয়োজনমতো পানি মেশান। এরপর লবণ ও গোলমরিচ দিয়ে স্বাদ ঠিক করে নিন। পরিবেশনের আগে সামান্য লেবুর রস যোগ করলে স্বাদ আরও সতেজ হবে।

ব্যস্ত দিনে সন্ধ্যার খাবার সহজ করতে এই আট ধরনের স্যুপের যেকোনোটি বেছে নিতে পারেন। তবে শুধু স্যুপে রাতের খাবার শেষ করলে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে কি না, তা খেয়াল রাখা জরুরি। উপকরণ ও পরিমাণ অনুযায়ী স্যুপের সঙ্গে রুটি, ভাত বা অন্য কোনো খাবার যোগ করে নিতে পারেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের