বিভিন্ন রান্নার স্বাদ বাড়াতে,বিকেলের আড্ডায় অনেকেই কাজুবাদাম খেতে ভালোবাসেন। কাজুবাদাম শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। প্রোটিন, ভালো চর্বি, ম্যাগনেশিয়াম, জিঙ্ক আর কপারের মতো দরকারি সব উপাদানে পাওয়া যায় এই বাদাম। রোজ অল্প করে কাজুবাদাম খেলে শরীর যেসব উপকারিতা পাওয়া যায় তা জানানো ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে।
গবেষণায় দেখা গেছে, কাজুতে থাকা উপকারী ফ্যাট ,হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাবারে ক্ষতিকর চর্বির বদলে এই ভালো ফ্যাট রাখলে হৃৎপিণ্ড সুস্থ থাকে। ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে,, নিয়মিত কাজু খেলে শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমতে পারে। তবে শুধু কাজু খেলেই যে হৃদরোগজনিত জটিলতা কমবে এটা ভাবা ঠিক নয়।
অনেকের ধারনা, হাড়, পেশি আর স্নায়ুর যত্ন নিতে শুধু ক্যালসিয়ামই যথেষ্ট। কিন্তু এর সঙ্গে ম্যাগনেশিয়াম, ফসফরাস আর কপারও দরকার। কাজুতে এই সবকটি উপাদানই আছে। এর পাশাপাশি এতে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর কাজ ঠিক রাখে। রক্তচাপ আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও এর বড় ভূমিকা রয়েছে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও বিপাকক্রিয়া ঠিক রাখতে জিঙ্ক আর কপার খুব জরুরি। কাজুতে এসব উপাদান পাওয়া যায়। জিঙ্ক কোষের বৃদ্ধিতে সাহায্য করে। আর কপার শরীরে আয়রন কাজে লাগাতে ও শক্তি তৈরি করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ শরীরের ভেতরের নানা কাজ ও বিপাক প্রক্রিয়া ঠিক রাখে।
কাজুতে প্রোটিন, ভালো ফ্যাট আর শর্করা থাকায় এটি দ্রুত শক্তি জোগায়। এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বাড়তি খাওয়ার ঝোঁক কমে।
কীভাবে খাবেন
সকালে ওটস, দই বা সালাদের সঙ্গে কাজু খেতে পারেন। রান্নাতেও দেওয়া যায়। তবে লবণ বা তেলে ভেজে নয়, কাঁচা বা শুকনো খোলায় ভাজা কাজু খাওয়াই সবচেয়ে ভালো।
রেডিওটুডে নিউজ/আনাম

