জোড়া গোল করে তিউনিসিয়ার কাছে কেন ক্ষমা চাইলেন সুইডেনের মিডফিল্ডার

সোমবার,

১৫ জুন ২০২৬,

১ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৫ জুন ২০২৬,

১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

জোড়া গোল করে তিউনিসিয়ার কাছে কেন ক্ষমা চাইলেন সুইডেনের মিডফিল্ডার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ১৫ জুন ২০২৬

Google News
জোড়া গোল করে তিউনিসিয়ার কাছে কেন ক্ষমা চাইলেন সুইডেনের মিডফিল্ডার

বিশ্বকাপের অভিষেক ম্যাচে গোল করার পর সাধারণত ফুটবলাররা উচ্ছ্বাসে মেতে ওঠেন। কিন্তু সুইডেনের তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি বেছে নিলেন ভিন্ন পথ। তিউনিসিয়ার বিপক্ষে গোল করে উদযাপনের বদলে দুই হাত তুলে ক্ষমা চাইলেন তিনি। আবেগঘন সেই মুহূর্ত এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।

মেক্সিকোর মন্তেরেতে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে দুর্দান্ত এক গোলে সুইডেনকে এগিয়ে দেন ২২ বছর বয়সী ইয়াসিন। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল-যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্নের মুহূর্ত। কিন্তু গোলের পর সতীর্থদের সঙ্গে উল্লাসে না মেতে তিনি দুই হাত তুলে তিউনিসিয়ার সমর্থকদের প্রতি সম্মান জানান। একপর্যায়ে হাঁটু গেড়েও বসেন।

এর পেছনে রয়েছে পারিবারিক আবেগ। ইয়াসিনের মা তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। মায়ের জন্মভূমির বিপক্ষে গোল করায় তিনি আনন্দ প্রকাশ না করে শ্রদ্ধা জানাতেই এমন প্রতিক্রিয়া দেখান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই আচরণ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে নিজের শিকড় ও পারিবারিক পরিচয়ের প্রতি সম্মান প্রদর্শনের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

শুধু একটি নয়, ম্যাচে জোড়া গোল করেন ইয়াসিন। দ্বিতীয় গোলের পরও তিনি কোনো উদযাপন করেননি। তার দুর্দান্ত পারফরম্যান্সে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় সুইডেন।

একসময় তিউনিসিয়ার জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা ছিল ইয়াসিনের। ২০২২ কাতার বিশ্বকাপের আগে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। তবে ইয়াসিন ও তার পরিবার শেষ পর্যন্ত সুইডেনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।

সোলনায় জন্ম ও বেড়ে ওঠা ইয়াসিনের কাছে জন্মভূমির টানই ছিল সবচেয়ে বড়। যে দেশে জন্মেছেন এবং বড় হয়েছেন, সেই দেশের জার্সিতেই খেলতে চেয়েছেন তিনি। পরিবারও তাকে পূর্ণ সমর্থন দিয়েছে।

১৯৫৮ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল সুইডেন। এরপর আর শিরোপার দেখা পায়নি তারা। ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এবার আট বছর বিরতি দিয়ে বিশ্বকাপে ফিরে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডিশরা।

তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় ইয়াসিন আয়ারি। কারণ তিনি শুধু গোল করেই নয়, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েও জিতে নিয়েছেন ফুটবলপ্রেমীদের হৃদয়।


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের