পহেলা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। চিঠি মানে এক টুকরো কাগজে জমে থাকা এক পৃথিবীর ভালোবাসা। ‘চিঠি’ শব্দটি উচ্চারণ করলেই যেন ফিরে আসে এক অন্য সময়। ডাকপিয়নের অপেক্ষা, পরিচিত হাতের লেখায় প্রিয়জনের নাম, খাম খোলার আগে বুকের ভেতর জমে থাকা অদ্ভুত উত্তেজনা—সব মিলিয়ে চিঠি ছিল একসময় মানুষের আবেগ বিনিময়ের সবচেয়ে আপন মাধ্যম। মায়ের মমতা, বাবার শাসন ও উপদেশ, ভাই-বোনের খুনসুটি কিংবা প্রিয় মানুষের নিঃশব্দ ভালোবাসা—কত শত অনুভূতি যে কয়েকটি কাগজের পাতায় জায়গা করে নিত, তার হিসাব নেই। সময় বদলেছে, যোগাযোগের মাধ্যম বদলেছে; ডিজিটাল বার্তার দ্রুত স্রোতে হারিয়ে গেছে চিঠির সেই ধীর, আন্তরিক দিনগুলো। তবু চিঠির পাতায় জমে থাকা স্মৃতিরা হারায়নি।
চিঠির আবেগ চিঠির ছোঁয়া চিঠির ভালোবাসা
চিঠির পাতায় লুকিয়ে থাকে অতল কান্না-হাসা
মায়ের চিঠি ভায়ের চিঠি বাবার চিঠি কত
হাজার চিঠির হাজার ভাষা হাজারো প্রেম ক্ষত।
বোনের চিঠির স্মৃতির গন্ধ নাকের ধারে ওড়ে
কেমন আছিস কী করছিস শিউলি ফোটা ভোরে
তোর বিড়ালের ছানাটা না মিয়াও মিয়াও ডাকে
এদিক ওদিক তোকেই খোঁজে তোর তালাশেই থাকে।
মায়ের হাতের আমের আচার মায়ের হাতের পিঠা
তুই বাড়ি নেই স্বাদ মোটে নেই— নোনতা, কিসের মিঠা
দিন গোনে আর পথ চেয়ে রয় দরজা খোলা রাখে
কে খাবে কে দুধ মাখা ভাত থালেই পড়ে থাকে।
বাবার দেয়া পানজাবিটা বারান্দাতে ঝোলে
এশার নামাজ বাদেই বাবা স্মৃতির ঝাঁপি খোলে
বাগান জুড়ে ডালিম গাছের ডালিম গেছে পেকে
আতা ফলের মিষ্টি স্বাদে ভাগ বসাবে সে কে!
মাসের শেষে বাবার চিঠি পোস্ট অফিসে আসে
মানি অর্ডার পোস্ট কার্ডে সোনার স্মৃতি হাসে
বড় হবার সদুপদেশ সত্যিকারের বাণী
দু’চার বাক্যে বাবার চিঠি সাত রাজ্যের রানি।
আজ মনে হয় বাবার চিঠির বাণী চিরন্তনী
জীবন পাঠের অভিজ্ঞতার সুরেলা খঞ্জনি
মানুষ হবার পথে ছিল বাবার চিঠির জাদু
বাবার শাসন-বারণ বিনে কে দুনিয়ায় সাধু!
হাজার চিঠির বাজারকালে রাজার মতো স্মৃতি
চিঠির পাতায় গোলাপ ফোটে জোটে পরম প্রীতি
চিঠির পাতায় ভালোবাসার অমূল্য জোসনা যে
চিঠির গানের সুরের ধারা সারাজনম বাজে।
তোমার চিঠি প্রেমের চিঠি বকুল ফুলের মতো
তোমার চিঠিবিহীন জীবন কেমন কেমন হতো
তোমার চিঠির যুগ ভেসেছে ডিজিটালের জলে
তোমার চিঠি এই মেঘ এই বৃষ্টি ছলাৎছলে।
চিঠির আবেগ বুকের ভেতর জল থইথই করে
চিঠির পাতা আজও আমার ঝড় তোলে অন্তরে
হারিয়ে গেছে চিঠি, না না হারিয়েছে সুখপাখি
চিঠির পাতায় জীবন-মরণ অশ্রু ভেজা আঁখি।
রেডিওটুডে নিউজ/আনাম

