বুধবার,

২৮ অক্টোবর ২০২৬,

১৩ কার্তিক ১৪৩৩

বুধবার,

২৮ অক্টোবর ২০২৬,

১৩ কার্তিক ১৪৩৩

Radio Today News

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ২৭ অক্টোবর ২০২৬

Google News
মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বর্ষীয়ান প্রযোজক, পরিচালক ও অভিনেতা ব্রিজেন্দ্র পাল সিং। যিনি বিপি সিং নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদরোগে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল এ তারকার। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিপি সিংহের হাত ধরেই ভারতীয় টেলিভিশনে জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছিল অপরাধ উন্মোচনবিষয়ক অনুষ্ঠান ‘সিআইডি’। এর প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি।

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘদিন দর্শকহৃদয়ে জায়গা করে নেয়া ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘সিআইডি’। ১৯৮৮ সালে শুরু হওয়া ক্রাইম সিরিজটিতে মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনার তদন্ত করতে দেখা যেত। এতে বিভিন্ন সময় নানা ধরনের অপরাধের পেছনের কারণ, তদন্তের মোড় এবং অপরাধীকে প্রাপ্য শাস্তি দিতে দেখা গেছে।

পাশাপাশি সিআইডিতে মাঝে মধ্যেই বিভিন্ন পর্বে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিংহ চিত্রোলের চরিত্রে অভিনয় করতে দেখা যেত বিপি সিংকে। সব মিলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল সিরিজটি।

এছাড়া ভৌতিক ও অতিপ্রাকৃত কাহিনির ক্ষেত্রেও নিজের ছাপ রেখেছিলেন বিপি সিং। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত ‘আহট’ ছিল তার প্রযোজিত অনুষ্ঠান। এটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শকমহলে।

বিপি সিং তার দীর্ঘ ক্যারিয়ারে এমন এক টেলিভিশন জগৎ তৈরি করেছিলেন, যেখানে তার সৃষ্টিতে মুগ্ধ একাধিক প্রজন্ম। তার মৃত্যুতে ভারতীয় টেলিভিশন ইন্ডস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। ফলে ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন বিভিন্ন মাধ্যমে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের