বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। ওয়েবসাইট, অ্যাপ এবং ইন্টারনেট পরিষেবার রিয়েল-টাইম অবস্থা ট্র্যাক করার প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর জানিয়েছে, রোববার বেলা সোয়া ১টা থেকে এই সমস্যা শুরু হয়েছে।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বেলা আড়াইটা পর্যন্ত ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ওয়েব সংস্করণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ার অভিযোগ পাওয়া গেছে- ৬৪ শতাংশ। লগইনের জটিলতায় পড়ার কথা জানিয়েছেন ১৯ শতাংশ ব্যবহারকারী। অ্যাপ ব্যবহারের সময় জটিলতায় পড়ার অভিযোগ পাওয়া গেছে ১০ শতাংশ।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, কেউ কেউ তাঁদের নিউজফিড লোড করতে পারছেন না। অনেকে ‘এরর মেসেজ’ বা ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন। মেটা এখন পর্যন্ত এই বিভ্রাটের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে ক্রিস ডগলাস নামে এক ব্যবহারকারী লিখেছেন, তিনি ফেসবুক ব্যবহারের সময় ‘সাইটের একটি সমস্যার কারণে অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না’ লেখা বার্তা পেয়েছেন। ওই বার্তায় আরও লেখা ছিল, ‘শিগগিরই সমাধান হয়ে যাবে। দয়া করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’
রেডিওটুডে নিউজ/আনাম

