২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আবারও নিজেদের সিমুলেশনের ফল প্রকাশ করেছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। এর আগে ইএ স্পোর্টস (EA Sports)-এর বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী চারটি বিশ্বকাপেই হুবহু মিলে গেছে।
বিশ্বকাপে তাদের পূর্বাভাস বলছে, এবারের শিরোপা জিততে যাচ্ছে স্পেন। অর্থাৎ টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও ইএ স্পোর্টসের সিমুলেশন ইতোমধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বকাপ নিয়ে প্রতিষ্ঠানটির পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার পেছনে রয়েছে শক্তিশালী একটি ইতিহাস। ২০১০ সালে তারা স্পেনকে, ২০১৪ সালে জার্মানিকে, ২০১৮ সালে ফ্রান্সকে এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আগেই পূর্বাভাস দিয়েছিল। পরে চারটি আসরেই সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয়।
যদিও ২০০৬ সালের বিশ্বকাপে ভুল হয়েছিল ইএ স্পোর্টসের পূর্বাভাস। সেবার তারা চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বললেও দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। তবে টানা চার বিশ্বকাপে তাদের সিমুলেশন সঠিক ফল দিয়েছে। তাই তাদের ভবিষ্যদ্বানীকে গুরুত্বের সঙ্গে দেখছেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ইএ স্পোর্টসের পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে জয় তুলে নিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে স্পেন।
তবে ফুটবল বিশ্লেষকদের মতে, সিমুলেশন কিংবা পরিসংখ্যান ম্যাচের সম্ভাব্য চিত্র তুলে ধরতে পারে, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। একটি ফাইনালের ভাগ্য নির্ধারণ করে খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশল, মানসিক দৃঢ়তা এবং ম্যাচের মুহূর্তগুলো।
এ কারণে ইএ স্পোর্টসের পূর্বাভাস নিয়ে যতই আলোচনা হোক না কেন, শেষ পর্যন্ত বিশ্বকাপ কার হাতে উঠবে, তার উত্তর মিলবে রোববার মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসেই।
রেডিওটুডে নিউজ/আনাম

