মৎস্য সম্পদের পুনরুদ্ধার এবং জলজ পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদী যৌথ কার্যক্রমের অংশ হিসেবে হেইলংচিয়াং নদীতে ৪ লক্ষ ৮০ হাজার বিপন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে চীন ও রাশিয়া।
অবমুক্ত করা মাছের মধ্যে রয়েছে প্রথম শ্রেণির সংরক্ষিত জলজ প্রাণী ‘কালুগা’ এবং দ্বিতীয় শ্রেণির সংরক্ষিত ‘হেইলংচিয়াং স্টার্জন’। ২০০৮ সাল থেকে চলা এই যৌথ উদ্যোগে এ পর্যন্ত ২ কোটিরও বেশি পোনা অবমুক্ত করা হয়েছে।
হেইলংচিয়াং প্রাদেশিক মৎস্য প্রশাসনের পরিচালক হান পেং জানান, ১৯৯৪ সালের মৎস্য চুক্তি অনুযায়ী উভয় দেশ যৌথ টহল, নির্দিষ্ট সময় ও এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং বিজ্ঞানভিত্তিক নজরদারি চালিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী এই প্রচেষ্টার ফলে নদীতে মাছের আকার ও সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং প্রাকৃতিক পরিবেশে মাছের বংশবৃদ্ধির হারও আশাব্যঞ্জক।
মৎস্য বিশেষজ্ঞ ও কর্মকর্তারা জানান, অবমুক্ত করার আগে পোনাগুলোকে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় মৎস্যজীবীরাও নদীর পরিবেশের এই উন্নতি প্রত্যক্ষ করছেন এবং বিপন্ন প্রজাতির মাছ সংরক্ষণে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন।
রুশ প্রতিনিধি ডেনিস ক্রিলভ এই সফল সহযোগিতাকে টেকসই মৎস্য সম্পদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

