ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্সের একটি সার্ভার থেকে ফাঁস হওয়া তথ্যের মধ্যে দেশের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম সম্পর্কিত তথ্যও রয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ অভিযোগের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআইএল)। খবর বিবিসির।
রয়টার্স তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র সম্পর্কিত নথিপত্রসহ বিভিন্ন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই নথিগুলো রিলায়েন্স গ্রুপের গাফিলতির ফলেই ফাঁস হয়ে থাকতে পারে। এ বিষয়ে অবশ্য রিলায়েন্স সরকারকে ইতোমধ্যেই অবহিত করেছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
যদিও এ বিষয়ে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআইএল) দাবি, সর্বজনীন বলে দাবি করা সমস্ত তথ্য কেবলমাত্র নিয়মিত ‘ব্যালেন্স অব প্ল্যান্ট’ জনসেবামূলক সুবিধাগুলোর সঙ্গে সম্পর্কিত এবং এটি কোনোভাবেই পারমাণবিক নিরাপত্তা বা সংশ্লিষ্ট ব্যবস্থা বা তথ্যের সঙ্গে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও ভারতে এ নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছে।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘ওয়ার্ল্ড লিকস্’ নামের একটি ‘র্যানসমওয়্যার’ গোষ্ঠী ডার্ক ওয়েবে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কুদানকুলাম সম্পর্কিত নথি প্রকাশ করেছে। এতে পারমাণবিক কেন্দ্রটির কিছু অংশের নকশা এবং তথ্য রয়েছে।
ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ এই তথ্য ফাঁসের বিষয়টি মেনে নিয়েছে বলেও রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। রিলায়েন্স আরও জানিয়েছে, ইয়োটা নামের একটি ‘থার্ড পার্টির’ ভারতীয় ডেটা সার্ভার থেকে তাদের তথ্য ফাঁস হয়েছে। তবে সেগুলো কোন নথি, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।
কেউ যদি অনলাইনে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র সম্পর্কে খোঁজার চেষ্টা করেন, তবে প্রায় ১৯ হাজার নথি পাওয়া যাবে, যা মোট ১৪.৩ জিবির নথি। অনলাইনে এই নথিগুলো ১১ই জুন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। রয়টার্সকে প্রথম এই বিষয়ে জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষক রাকেশ কৃষ্ণান।
রেডিওটুডে নিউজ/আনাম

