আট মাস ধরে বিস্তারিত আলোচনার পর বোরকা নিষিদ্ধের আইন সংসদে চূড়ান্ত অনুমোদন পেয়েছে পর্তুগালে। আইনে মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়েছে জনপরিসরে। আইন অমান্য করলে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং ইচ্ছাকৃত অপরাধে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।
শুক্রবারের চূড়ান্ত সাধারণ ভোটে শেগা, ইনিশিয়াতিভা লিবারাল, পিএসডি এবং সিডিএস বিলটির পক্ষে ভোট দেয়। আইনের বিরোধিতা করেন বামপন্থী সংসদ সদস্যরা। শেগা পার্টির নেতা আন্দ্রে ভেঞ্চুরার নেতৃত্বাধীন দলটি এই আইনটির প্রস্তাব উত্থাপন করে। এর আগে গত সপ্তাহে সাংবিধানিকবিষয়ক কমিটিতেও একই ধরনের ভোটে বিলটি অনুমোদিত হয়।
২০২৫ সালের অক্টোবরে নীতিগত অনুমোদন পাওয়ার পর বিলটি প্রায় আলোচনার পর্যায়ে ছিল। চলতি বছরের জুনে পিএসডি শেগার মূল প্রস্তাবের বিকল্প একটি খসড়া উপস্থাপন করে, যেখানে ধর্মীয় দিকের পরিবর্তে নিরাপত্তাজনিত কারণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে শেগা তাদের প্রস্তাবে কিছু পরিবর্তন আনে। নতুন খসড়ায় বলা হয়, নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ করা হবে। পাশাপাশি বয়স, লিঙ্গ, ধর্মীয় পরিচয় বা উৎসের কারণে কাউকে জোরপূর্বক মুখ ঢাকতে বাধ্য করা যাবে না।
সূত্র: রয়টার্স
রেডিওটুডে নিউজ/আনাম

