ফাইনাল ম্যাচের আগে নিউ ইয়র্কে মেয়রের সতর্কবার্তা

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ফাইনাল ম্যাচের আগে নিউ ইয়র্কে মেয়রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১৭ জুলাই ২০২৬

Google News
ফাইনাল ম্যাচের আগে নিউ ইয়র্কে মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। স্টেডিয়ামটি নিউইয়র্কের খুব কাছাকাছি হওয়ায় বায়ুদূষণের বিষয়টি দর্শক ও আয়োজকদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্কের আকাশ ঢেকে ফেলেছে। ফলে বাতাসের বর্তমান মান সবার জন্যই অস্বাস্থ্যকর। তিনি জানান, শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাই নন, সুস্থ মানুষও এর প্রভাব অনুভব করতে পারেন।

তিনি আরও বলেন, বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়াই ভালো। এমনকি যাদের বাইরে ব্যায়াম বা দৌড়ানোর পরিকল্পনা রয়েছে, তাদেরও তা আপাতত স্থগিত রাখার পরামর্শ দেন তিনি।

এদিকে নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর হতে পারে। এ কারণে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মানের অবনতি হয়েছে। এরই মধ্যে শিকাগোর খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচও স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮২ হাজার ৫০০। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে স্টেডিয়াম ও এর আশপাশে লাখো দর্শকের সমাগম হতে পারে। এমন পরিস্থিতিতে বায়ুদূষণ দর্শকদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে বলে সংশ্লিষ্টদের উদ্বেগ আরও বেড়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের