পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আরো ৫০ জনের বেশি মুসল্লি আহত বলে জানিয়েছে আল জাজিরা।
দেশটির উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফায়জি জানান, শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী কোহাটের একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে। আহতদের বেশিরভাগই নামাজ আদায় করতে আসা মুসল্লি।
ডিপিএ বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ডা. তাহির শাহ জানিয়েছেন যে অন্তত ১৬ জনের মৃতদেহ ও ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে আইএসআইএল সশস্ত্র গোষ্ঠীর একটি আঞ্চলিক শাখা এবং পাকিস্তান তালেবান (টিটিপি) সক্রিয় রয়েছে এবং তারা নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
প্রাদেশিক পুলিশের প্রধান জুলফিকার হামিদ বলেন, বিস্ফোরণের পর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। বিপুলসংখ্যক আহতের চিকিৎসায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকান ও বাড়িঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি মসজিদে ঢুকিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি এখনো তদন্তাধীন।
এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে অ্যাম্বুল্যান্সে তুলছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

