স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) যে সময়সূচি জানিয়েছে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
এর আগে, আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, ইসি স্বাধীন এবং সেই প্রেক্ষিতে ইসির নির্বাচন করার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি যে সময়সূচি ঘোষণা করেছে তা সরকার জানে না। এমনকি সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি।
এদিকে, গতকাল ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

