সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬,

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬,

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৯, ৪ জুন ২০২৬

Google News
সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন। বুধবার (০৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং মানবিক রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

কারামুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী বলেন, বর্তমান সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার সকলকে সঙ্গে নিয়ে একটি মানবিক পরিবেশ নিশ্চিত করবে। কারাগারে থাকা অন্যান্য বন্দিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক নিরপরাধ নারী এখনো কারাগারে রয়েছেন এবং তাদের প্রতিও সরকার সহানুভূতিশীল হবে বলে তিনি প্রত্যাশা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের জামিনসংক্রান্ত আদেশ পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে ১২টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে এসব মামলা দায়ের করা হয়। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের চেম্বার আদালতে উঠলেও সেখানে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এছাড়া পৃথক ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনও আপিল বিভাগ বহাল রাখে।

সব মিলিয়ে ১২টি মামলায় জামিন বহাল থাকায় সংশ্লিষ্ট আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মুক্তির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেনসহ স্বজন ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের