২০২৬ ফিফা বিশ্বকাপের ঠিক আগে ফিফা র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পর সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসায় শীর্ষে উঠে এসেছে আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ে এই অবস্থান আলবিসেলেস্তে সমর্থকদের জন্য যেমন গর্বের, তেমনি ইতিহাসভিত্তিক একটি পরিসংখ্যান কিছুটা দুশ্চিন্তার কারণও হয়ে উঠছে।
বৃহস্পতিবারের (৪ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর পর র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন আসে। ফ্রান্স তাদের প্রীতি ম্যাচে আইভরিকোস্টোর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারালে তারা নেমে যায় তিন নম্বরে। একই সময়ে স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারায়। এই সুযোগে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেয় আর্জেন্টিনা।
তবে র্যাঙ্কিংয়ের এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে এক অস্বস্তিকর ইতিহাস। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর থেকে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপেই টুর্নামেন্ট শুরুর আগে এক নম্বর অবস্থানে থাকা দল শিরোপা জিততে পারেনি।
এই প্রবণতার শুরু ১৯৯৪ বিশ্বকাপ থেকে। তখন শীর্ষে ছিল জার্মানি, কিন্তু তারা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয়। শিরোপা জেতে ব্রাজিল ফুটবল দল।
এরপর ১৯৯৮ বিশ্বকাপের আগে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ হয়। ২০০২ সালে আবারও ব্যর্থ হয় শীর্ষ দল; তখন এক নম্বরে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
পরবর্তী আসরগুলোতেও একই ধারা অব্যাহত থাকে। ২০০৬ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে যথাক্রমে ব্রাজিল ও স্পেনও শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০১৮ সালে এক নম্বর র্যাঙ্কিং নিয়ে মাঠে নামা জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও একই পরিণতি দেখা যায়। টুর্নামেন্টের আগে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। অথচ সেই আসরেই ইতিহাস গড়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
ফলে ২০২৬ বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা এখন একদিকে আত্মবিশ্বাসী অবস্থানে থাকলেও, অন্যদিকে অতীতের এই অদ্ভুত পরিসংখ্যান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইতিহাস এবারও পুনরাবৃত্তি করে কিনা, নাকি আর্জেন্টিনা সেই ধারা ভেঙে নতুন ইতিহাস লেখে—সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।
রেডিওটুডে নিউজ/আনাম

