ক্লাব ক্যারিয়ারে সব ট্রফি জিতেছেন। দেশের জার্সিতে ইউরোপ এবং উয়েফা নেশনস লিগ জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপ জেতা হয়নি সি আর সেভেনের। পারফরম্যান্সের কারণে ৪১ বছর বয়সেও ফুটবল খেলে চলেছেন রোনালদো। উত্তর আমেরিকা বিশ্বকাপে আছে পর্তুগালের চূড়ান্ত দলে। সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পর্তুগালের এ তারকা।
এটা যে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তা বলার অপেক্ষা রাখে না। আর এবার রোনালদোর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ বলে মনে করেন, বিশ্বকাপে পর্তুগালের হয়ে অভিষেক আসরে খেলা আন্তোনিও সিমোয়েশ। বয়স বেশি হলেও এখনও বিশ্বকাপে রোনালদো বড় ভূমিকা রাখতে পারেন বলে বিশ্বাস সাবেক এ উইঙ্গারের।
ফিফার সঙ্গে সাক্ষাৎকারে সিমোয়েশ বলেন, ‘সে (রোনালদো) অসাধারণ একজন খেলোয়াড়। সম্ভবত এটাই তাঁর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। যদি গোলের কাছাকাছি থাকে, তো সে এখনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’
৮২ বছর বয়সী সিমোয়েশের বিশ্বাস ক্রিশ্চিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেসের দল ছয় দশকের অপেক্ষার অবসান ঘটাতে পারবেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য উত্তরসূরিদের পথ বাতলে দিলেন তিনি, ‘এই প্রজন্মের সবকিছু আছে। তাদের শক্তিশালী একটি রক্ষণ আছে, আক্রমণভাগে গোলস্কোরার আছে, মিডফিল্ডে চিন্তাশীল খেলোয়াড় আছে। কোনো দলের চিন্তাশীল খেলোয়াড় না থাকলে তাদের যে কোনো অবস্থাতেই সংগ্রাম করতে হয়। পর্তুগালের ওই চিন্তাশীল খেলোয়াড় আছে। তাই পর্তুগালের কখনও তাদের গর্ব ও একতা হারানো উচিত নয়। আশা করি, প্রতিটা খেলোয়াড় ইতিহাস গড়ার সংকল্প নিয়ে মাঠে নামবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

