টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট পরার স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে হেরে সেই স্বপ্নটা শেষ পর্যন্ত অধরাই রয়ে গেল ঋতুপর্ণাদের।
শনিবার (৬ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফের ফাইনালে পিছিয়ে পড়ার পর ঋতুপর্ণা চাকমার গোলে প্রথমার্ধে সমতায় ফিরেছিল পিটার বাটলারের দল। কিন্তু বিরতির পর আরও দুই গোল হজম করে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার মানতে হয়েছে বাংলাদেশকে।
এর আগে ২০১৬ সালের ফাইনালেও স্বাগতিক ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।
ফাইনালে শুরুর একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।
ম্যাচের ১২ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে পা ছোঁয়াতে পারেননি তহুরা খাতুন। দুই মিনিট পর বক্সে ঢুকে ফাঁকায় বল পেলেও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি এই ফরোয়ার্ড।
৪১ মিনিটে তহুরার নেওয়া শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারিজাদার গোলে লিড পায় স্বাগতিকরা। একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে বাংলাদেশ।
৮২ মিনিটে মালাভিকাকে আটকাতে ব্যর্থ হন আফঈদা। মালাভিকা বল ঠেলে দেন বক্সের মাথায়। লিন্দা কম সহজেই বল পাঠিয়ে দেন জালে। ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে দীর্ঘ ছয় বছর পর আবারও উঁচিয়ে ধরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ট্রফি।
রেডিওটুডে নিউজ/আনাম

