লকডাউন, প্রতীকী ছবি
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় চলছে কঠোর লকডাউন। বন্ধ রয়েছে যান চলাচল। ফলে পার্শবর্তী জেলাগুলো থেকে রাজধানী ঢাকা এখন প্রায় বিচ্ছিন্ন। এরআগে সোমবার (২১ জুন) দেশের সাত জেলায় কঠোর বিধিনিষেধ প্রয়োগের কথা জানিয়ে লকডাউন ঘোষণার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, লকডাউনে সবকিছুই বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। শুধু পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া আর কিছুই চলবে না। জেলাগুলো ব্লকড থাকবে। কেউ ঢুকতে পারবে না।
যেসব জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে সেগুলো হচ্ছে- মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী। উল্লেখ্য যে, ঢাকায় আসতে হলে উল্লিখিত জেলাসমূহ হয়েই আসতে হয়।
এদিকে মন্ত্রিপরিষদ সচিবের এই ঘোষণার পর রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, উক্ত জেলাসমূহের ভেতর দিয়ে ট্রেন চলাচল করলেও লকডাউনের সময় সেসব জেলায় ট্রেন বিরতি দেয়া হবে না।
এছাড়া বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দূরপাল্লার সব বাস ও লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।

