দেশের বাজারে স্বর্ণের দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (১০ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য হ্রাসের এই সিদ্ধান্ত জানায়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি ও বাজার পরিস্থিতি বিবেচনা করে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
আজ থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

