ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে আবার পরিবর্তন আনছে সরকার। তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।
এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের জন্য এ খসড়া উপস্থাপন করা হয়।
সংশোধনের ফলে প্রতি তিন কর মেয়াদ শেষে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান বাতিল হয়ে আগের নিয়ম পুনর্বহাল হবে। অর্থাৎ, প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যেই করদাতাদের ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।
সরকারের মতে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় আরও গতিশীলতা আনতেই এ পরিবর্তন করা হয়েছে।
খসড়ায় প্রধান সংশোধনীগুলো হলো প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে। দাখিলপত্র পেশের ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে, তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে।
যেকোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মন্ত্রিসভা-বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

