শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরালের পর মিলল মুক্তি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Google News
রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরালের পর মিলল মুক্তি

বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে বাবার এই অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা ও রুটি। খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

এই ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, খুঁটিতে হাত বাঁধা অবস্থায় থাকা বাবার পাশে দাঁড়িয়ে আছে তার শিশুসন্তান। পরে শিশুটি সঙ্গে করে আনা রুটি বাবাকে খাইয়ে দেয়। এ সময় আশপাশে বেশ কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির নিন্দা জানান। চুরির অভিযোগের সত্যতা যাচাই ও আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে খুঁটিতে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগেরও সমালোচনা করেন অনেকে।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শুক্রবার গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টা করার সময় অনিক সরদার জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

পুলিশ জানায়, তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে ছেড়ে দেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে শনিবার সকালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্ত করে দেন।’

ঘটনাটির বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536