রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পায়। ওই পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে জাভেদ আহম্মেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
পুলিশকে শাহানা জাবিন খান জানান, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি ধানমন্ডি লেকে গেলেন এবং সেখানে তার মৃত্যু হলো, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
রেডিওটুডে নিউজ/আনাম

