মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দূরপাল্লায় ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

Google News
দূরপাল্লায় ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রেসবার্তায় সংগঠনটি অভিযোগ করে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব না রেখে পরিবহন মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করলেও যাত্রীদের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে না বলে দাবি করেছে তারা।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয়ে কত পয়সা ভাড়া বাড়ানো প্রয়োজন, সে বিষয়ে কোনো স্বচ্ছ হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয় না।

সংগঠনটি আরও অভিযোগ করে, বিগত সরকারের সময় থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুবিধা পরিবহন মালিকদের একচেটিয়াভাবে দেওয়ার প্রবণতা রয়েছে। ভাড়া নির্ধারণ নিয়ে মালিক সমিতি ও সরকারের মধ্যে বৈঠক হলেও পরে সেটিকে সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে প্রচার করা হয় বলে দাবি তাদের।

জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধিদের আলোচনায় রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536