এশিয়া গেমসে পুরুষদের সাঁতারে ঘরের পুলে বিশ্বরেকর্ড গড়েছেন জাপানের শিন ওহাশি। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এই সাঁতারু।
বৃহস্পতিবার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড, যা আগের বিশ্বরেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।
এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন। ওহাশিই প্রথম পুরুষ সাঁতারু, যিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময় নিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওহাশির এই রেকর্ড গড়ার ঠিক এক দিন আগে চীনের ১৩ বছর বয়সী খুদে সাঁতারু ইউ জিদি নিজের অভিষেক এশিয়ান গেমসে তিনটি স্বর্ণপদক (হ্যাটট্রিক) জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।
এই দুই টিনেজ সাঁতারুর দুর্দান্ত পারফরম্যান্স চলতি এশিয়ান গেমসের সাঁতার প্রতিযোগিতায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।
বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে পুলে নেমেছিল উল্লেখ করে ওহাশি বলে, ‘আমার লক্ষ্য ছিল, তাই এটা পেয়ে আমি খুবই আনন্দিত। সমর্থকদের, পরিবারকে এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’
পরবর্তী লক্ষ্য হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতা বলে যোগ করেন তিনি। রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তিনি ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। আর দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
এবারের এশিয়ান গেমসে ওহাশি যে দুর্দান্ত কিছু করে ফেলতে পারেন, সেই সম্ভাবনার কথা লিওঁ মারশাঁই কয়েক দিন আগে বলেছেন। ফ্রান্সের অলিম্পিক ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘আমি ভয় পাচ্ছি। ওকে নিয়ে আমি সত্যিই খুব ভয় পাচ্ছি।’
রেডিওটুডে নিউজ/আনাম

