এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শেফালি ভর্মা। তার সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রানের বিশাল পুঁজি পায় ভারত। জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে শেফালির রানও করতে পারেনি পুরো বাংলাদেশ দল। ৮১ রানে অলআউট হয়ে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
রোববার (২০ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে ফেলে ভারত। পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে থামিয়ে এই জুটি ভেঙে দেন নাহিদা আক্তার।
গুনালান কামালিনি বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেটটি পান সানজিদা আক্তার মেঘলা। তারপর চলেছে শেফালি শো। হারমানপ্রীত কৌরের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন তিনি।
দলীয় ১৭৯ রানে হারমানপ্রীত ৪০ রান করে রাবেয়া খানের শিকার হন। পরের ওভারে রিচা ঘোষ ২ রান করে মারুফা আক্তারের বলে আউট হন।অন্যদিকে মারমুখী ব্যাটিংয়ে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অপরাজিত থাকেন শেফালি। ৩ চারে সঙ্গে ৯টি ছক্কা হাঁকান তিনি।
১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ারে প্লের মধ্যেই ৩৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ছাড়া প্রথম পাঁচ ব্যাটারের চার জনই এক অঙ্কের ঘরে থেমেছেন।
দলের ষষ্ঠ ব্যাটার শারমিন আক্তার পরবর্তীতে দুই অঙ্কের ঘরে রান তোলেন। ১০ রান করেন তিনি। দিলারা সর্বোচ্চ ২৭ রানে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রানে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন। ১৫ ওভার ৪ বলে ৮১ রানে বাংলাদেশ অলআউট হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

