বাংলাদেশের মাদরাসা শিক্ষার পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মালয়েশিয়ার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের মাদরাসা শিক্ষার রূপান্তর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এ সহযোগিতার কথা জানানো হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইইউএমের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ। তিনি বলেন, বাংলাদেশের মাদরাসা শিক্ষার উন্নয়নে পাঠ্যক্রম সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত আইআইইউএম।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসানাত মোহাম্মদ শামীম বলেন, অন্য দেশের শিক্ষাব্যবস্থাকে হুবহু অনুসরণ না করে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পাঠ্যক্রম তৈরি করতে হবে। প্রয়োজনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও নেতৃত্বের দক্ষতায় গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, আইআইইউএমের প্রতিনিধি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষাবিদ ও গবেষকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১০৮টি অনার্স ও ২১টি আলিম মাদরাসার অধ্যক্ষরা অংশ নেন।
রেডিওটুডে নিউজ/আনাম

