সোমবার,

০২ নভেম্বর ২০২৬,

১৮ কার্তিক ১৪৩৩

সোমবার,

০২ নভেম্বর ২০২৬,

১৮ কার্তিক ১৪৩৩

Radio Today News

মিরপুর-আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩২, ২ নভেম্বর ২০২৬

Google News
মিরপুর-আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়ায় ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত ৩০ জন আটক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের পোশাক শ্রমিকরা প্রথমে অনন্তের সামনে আসেন ও পরে হামীমের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়।

এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ​শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ও উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে এই সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ সকাল সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। এক পর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্প-কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলনের ফলে মহাসড়কে ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের