জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেছেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে আজকে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। যার একটি প্রমাণ হলো, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। অথচ এখন তিনি গরম গরম বক্তব্য দিচ্ছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকার ছাড়ার একটাই কারণ। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়-তোমরা যদি আমাদের নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া বন্ধ করে দাও, পেছন থেকে সহযোগিতা না করো, তাহলে কিন্তু খবর আছে।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছাত্ররাজনীতি করার সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাগল চুরিই পাটওয়ারীর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন।
রাশেদ খাঁনের মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল চুরি ও ল্যাপটপ চুরি আরও বেড়ে যাবে।
রেডিওটুডে নিউজ/আনাম

