বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

Radio Today News

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৬, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:২৬, ৪ নভেম্বর ২০২৬

Google News
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে তাদের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় লিউ হাইসিংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফুল দেওয়ার পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে রিজভীর সঙ্গে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কিছুক্ষণ একান্তে আলোচনা করেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন লিউ হাইসিং। সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এরপর সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে লিউ হাইসিংয়ের সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ফেং সিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু চাওমিং এবং একই বিভাগের অন্যান্য কর্মকর্তা।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভবনটি পরিদর্শন করবেন লিউ হাইসিং। এ সময় রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি।

বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘হোয়্যার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। একই অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও অংশ নেয়ার কথা রয়েছে।

এরপর বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন তিনি। পরে ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান এবং বর্তমান চ্যান্সারি পরিদর্শন করবেন লিউ হাইসিং।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আয়োজিত নৈশভোজে অংশ নেয়ার কথা রয়েছে। সূত্র : সিএমজি বাংলা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের