টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তিনি, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণ নিয়ে বিস্ফোরক দাবি।
সুন্দরবন থেকে উঠে এসে অভিনয়ের জগতে নিজের অবস্থান তৈরি করা সুস্মিতা ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং ও ব্যবসায়ও ব্যস্ত সময় পার করছেন তিনি।
২০২৫ সালের ২০ মার্চ, নিজের জন্মদিনেই স্বামী সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন সুস্মিতা। সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে তারা জানান, পারস্পরিক মতভেদের কারণেই এই সিদ্ধান্ত। পরে বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরাও।
তবে বিচ্ছেদের কিছুদিন পরই নতুন করে আলোচনায় আসেন সুস্মিতা।
চলতি মাসে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায় শুরুর ঘোষণা দেন তিনি। এরপরই সাবেক স্বামীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে হুমকির অভিযোগ তোলেন অভিনেত্রী।
পরবর্তীতে লাইভে এসে সুস্মিতা দাবি করেন, চক্রবর্তী পরিবার এখনো তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিচ্ছে। সেখানেই তিনি নিজের একাধিক সম্পর্ক ও বিয়ের বিষয়েও খোলামেলা কথা বলেন।
পাশাপাশি সাবেক স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক এবং বিকৃত যৌনতার অভিযোগ তোলেন তিনি।
তার দাবি, এসব সহ্য করেই এতদিন সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন, তবে শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, সম্পর্কের মধ্যে নানা সমস্যার জন্য সুস্মিতাই দায়ী ছিলেন। এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন তিনি।
তার ভাষায়, পারস্পরিক অবিশ্বাস ও অশান্তিই শেষ পর্যন্ত এই সম্পর্ক ভাঙনের দিকে নিয়ে গেছে।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ সুস্মিতার পক্ষে, আবার কেউ সব্যসাচীর পাশে দাঁড়াচ্ছেন। তবে অনেকেই মনে করছেন, অতীতের অভিযোগ-প্রতিআরোপের বাইরে গিয়ে নতুন জীবন ও কাজেই মনোযোগ দেওয়া উচিত দুই পক্ষেরই। সূত্র: আনন্দবাজার
রেডিওটুডে নিউজ/আনাম

