আলটিমেটাম দিয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা নাটকীয়ভাবে স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ইরানের চারটি বড় বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার ঠিক আগমুহূর্তে ইরান ফোন করে আলোচনার প্রস্তাব দিয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ সোমবার রাত নাগাদ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস করার প্রস্তুতি ছিল। কেন্দ্রটি তৈরি করতে ইরানের ১০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা চায়নি সেটি ধ্বংস হোক, তাই আমাদের ফোন করেছে, আমি করিনি। তারা এখন একটি চুক্তিতে আসতে চায়।’ খবর বিবিসির
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মধ্যে এখন প্রায় সব পয়েন্টে বড় ধরনের ঐকমত্য হয়েছে। তবে চুক্তি হতে হলে কোনো যুদ্ধ থাকা চলবে না এবং ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। এই শর্তেই তারা রাজি হচ্ছে। এর বাইরে কোনো চুক্তি হবে না।’
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এই আলোচনায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার যুক্ত রয়েছেন।
বক্তব্যের এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে অস্পষ্ট মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তির সঙ্গে কথা হয়েছে; তবে কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে কথা হয়নি। আমরা জানিও না তিনি (সর্বোচ্চ নেতা) আদৌ বেঁচে আছেন কিনা।’
ট্রাম্প আরও জানান, এই আলোচনায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ; যেমন ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই আবার টেলিফোনে বিস্তারিত আলোচনা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

