বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৫৭১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ে বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অগাস্টেই মারা গেছে ৪৩ জন।
এ ছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ২১৮ জন।
রেডিওটুডে নিউজ/আনাম

