বেইজিংকে ২০২৯ সালের ইউনেস্কো-ইউআইএ (আন্তর্জাতিক স্থপতি সংঘ) বিশ্ব স্থাপত্য রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার ইউনেস্কো এ ঘোষণা দেয়। বিশ্ব স্থাপত্য রাজধানী বিষয়ক যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে এই মনোনয়ন দেওয়া হয়।
ইউনেস্কো ও আন্তর্জাতিক স্থপতি সংঘ (ইউআইএ) যৌথভাবে বিশ্ব স্থাপত্য রাজধানী কর্মসূচির টেকসই নগর উন্নয়নে স্থাপত্য, নগর পরিকল্পনা, সংস্কৃতি ও ঐতিহ্যের রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরে। প্রতি তিন বছর অন্তর ইউআইএ বিশ্ব কংগ্রেসের আয়োজক শহরকে ইউনেস্কো-ইউআইএ বিশ্ব স্থাপত্য রাজধানী হিসেবে মনোনীত করা হয়।
২০২০ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো প্রথম শহর হিসেবে এই মর্যাদা লাভ করে। এরপর কোপেনহেগেন এবং বার্সেলোনা এই স্বীকৃতি অর্জন করে।
ইউনেস্কোর মতে, বিশ্বের অন্যতম সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্যকে টেকসই নগর উন্নয়নের দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে সফলভাবে একত্রিত করার অসাধারণ সক্ষমতার জন্য বেইজিংকে নির্বাচন করা হয়েছে।
সূত্র: সিএমজি
রেডিওটুডে নিউজ/আনাম

