শ্রীলঙ্কা উপকূলে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শ্রীলঙ্কা উপকূলে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ৫ মার্চ ২০২৬

Google News
শ্রীলঙ্কা উপকূলে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা

মার্কিন সাবমেরিন হামলার পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। কলম্বোর গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানিয়েছেন, দ্বিতীয় যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। 

জাহাজটির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি জয়তিসা। তবে সরকারি সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, দ্বিতীয় জাহাজটিতে শতাধিক নাবিক আছেন। আশঙ্কা করা হচ্ছে বুধবারের মতো এ জাহাজটিও সাবমেরিন হামলার শিকার হবে। 

বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। হামলায় অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থানে আছে। দেশটির পক্ষ থেকে সংকট সমাধানে সংলাপের আহ্বান জানানো হয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গলের কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে। গল হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ৩২ জন ইরানি এখনো চিকিৎসাধীন। তাদের নিরাপত্তায় পুলিশ ও বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের জরুরি সেবা ইউনিট সাধারণ দর্শনার্থী ও অন্যান্য রোগীদের জন্য বন্ধ রাখা হয়েছে। ইরানি নাবিকদের জন্য আলাদা একটি ওয়ার্ডও করা হয়েছে। এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, চিকিৎসাধীন ইরানিদের বেশিরভাগের আঘাত সামান্য। তবে কয়েকজনের হাড় ভেঙে গেছে। দগ্ধ হওয়ার ঘটনাও আছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ এএফপিকে জানান, নিখোঁজ ইরানি নাবিকদের খোঁজে শ্রীলঙ্কা নৌবাহিনীর জাহাজগুলো তল্লাশি চালাচ্ছে। তবে মাঝারি রণতরীতে হামলার ঘটনা নিয়ে ইরানের কর্তৃপক্ষ এখনো মন্তব্য করেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের