পূর্বঘোষিত নৌ-অবরোধের অংশ হিসেবে, লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের দু'টি তেলবাহী ট্যাংকারে হুথিরা যে হামলা চালিয়েছে, সেটার বিরুদ্ধে 'কঠোর নিন্দা' জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে হামলার বিষয়ে নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, "আমি লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৌচলাচলের স্বাধীনতাকে বিপন্ন করে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে।"
সেইসঙ্গে, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনব্যক্ত করেন মি. শরীফ। উল্লেখ্য যে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

