উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ জন যাত্রী নিয়ে ফেরি ডুবিতে অন্তত ৭ জনের প্রাণহানি। এতে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২৩ জন এখনো নিখোঁজ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।রবিবার (৩০ আগস্ট) দ্রুতগামী ক্যাটামারান প্যাসেঞ্জার ফেরি উল্টে এই দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ২৬৭ জনের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ক্যাটামারান-শৈলীর জাহাজটি কাইরেনিয়া, যা গিরনে নামেও পরিচিত, বন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।
তুর্কি সাইপ্রাসের প্রধানমন্ত্রী উস্তেল জানিয়েছে, জাহাজটি উল্টে যাওয়ার সময় নাবিকসহ মোট ২৬৭ জন যাত্রী ছিল।
তুর্কি সাইপ্রাসীয় পরিবহন মন্ত্রী এরহান আরিকলি তার্কিশ সংবাদমাধ্যম আনাদোলুকে বলেছেন, উদ্ধারকৃত যাত্রীদের চিকিৎসার জন্য গিরনে বন্দরে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের জাহাজ এবং হেলিকপ্টার নিয়ে জরুরি উদ্ধারকারী দল এখনো দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
তুর্কি সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যসেবা দলগুলোর পক্ষ থেকে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এতে আরো বলা হয়েছে,এই অঞ্চলের হাসপাতালগুলোকে ইতিমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে যেকোনো জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে প্রদান করা সম্ভব হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত। এর উত্তরাঞ্চল স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যেটিকে আন্তর্জাতিকভাবে শুধু তুরস্ক স্বীকৃতি দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

