বুধবার,

২৮ অক্টোবর ২০২৬,

১২ কার্তিক ১৪৩৩

বুধবার,

২৮ অক্টোবর ২০২৬,

১২ কার্তিক ১৪৩৩

Radio Today News

২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৯, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:০৯, ২৭ অক্টোবর ২০২৬

Google News
২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

খুলনায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি এলাকায় তিনজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁদের মধ্যে দুজন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা। অন্যজন জাপান টোব্যাকো কোম্পানির কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার চক্রখালী বাজারে যুবদলের সাবেক নেতা অহিদুল ইসলাম বাদলকে গুলি করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে একই উপজেলার বড় কড়িয়ায় ছাত্রদলের সাবেক নেতা সোহেল শেখকে গুলি করে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকায় জাপান টোব্যাকোর কর্মী সালমান হাওলাদারকে গুলি করে তাঁর ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পৃথক তিনটি ঘটনায় দুর্বৃত্তরা গুলি চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একের পর এক গুলির ঘটনায় খুলনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও যুবদল নেতাকর্মীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে গ্রামে ফিরছিলেন অহিদুল ইসলাম বাদল। জলমা ইউনিয়নের চক্রখালী বাজারে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদল জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে।

এর আগে সোমবার দিবাগত রাতে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলে বসে ছিলেন আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল শেখ। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর ডান হাত ও পেটের ডান পাশে গুরুতর জখম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। সোহেল শেখ বড় কড়িয়া গ্রামের গনি শেখের ছেলে।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে গুলিবিদ্ধ হন সালমান হাওলাদার। তাঁর সহকর্মীরা জানান, কোম্পানির কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছিলেন সালমান। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের ডান পাশে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সহকর্মীরা জানান, প্রতিদিন ওই সময়ে কর্মচারীরা টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে যেতেন। তবে মঙ্গলবার ওই ব্যাগের পরিবর্তে ল্যাপটপ নিয়ে বের হয়েছিলেন সালমান। ছিনতাইকারীরা তাঁকে গুলি করে ব্যাগটি নিয়ে গেছে।

গুলিবিদ্ধ সালমান হাওলাদারের বয়স ২৩ বছর। তিনি জাপান টোব্যাকো কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত। তাঁর বাসা নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের সবুজবাগ এলাকায়। তাঁর বাবার নাম জাহাঙ্গীর হাওলাদার।

খুলনা থানার ওসি লোকমান হোসেন বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পাঁচ দিনে গুলিতে নিহত ২, আহত ৬

প্রসঙ্গত, গত পাঁচ দিনে খুলনায় দুজনকে গুলি করে হত্যা এবং ছয়জনকে গুলি করে আহত করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে খুলনায় গুলি, কুপিয়ে বা অন্য উপায়ে ৭১ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৬৯টি।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেশির ভাগ হত্যাকাণ্ডের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধ কাজ করেছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের