ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনসহ সব মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় ভিসা কার্যক্রম চালু করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
এর আগে প্রায় দুই মাস স্থগিত থাকার পর শুক্রবার সকাল থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা সেবা পুনরায় চালু করার খবর দেয় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় এই পদক্ষেপটি নেওয়া হলো, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির বহিঃপ্রকাশ। বর্তমানে মেডিকেল ও ট্যুরিজম ভিসাসহ সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করা হয়েছে। উল্লেখ্য, ডিসেম্বরে স্থগিতাদেশ চলাকালেও বিজনেস ও ওয়ার্ক ভিসা এই তালিকার বাইরে ছিলো।
শরীফ ওসমান বিন হাদি’র মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার জেরে গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ হয়ে যায়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ১৮ ডিসেম্বর রাতে ঢাকার দুটি সংবাদপত্র অফিস ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
দিল্লিতে ভিসা সেবা চালুর আগের দিন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতও বাংলাদেশে তাদের পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় শুরু করবে।
নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই প্রতিবেশী দেশের মধ্যকার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রেডিওটুডে নিউজ/আনাম

