র্যাঙ্কিং বিবেচনায় ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইসিসির টি–টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের আসরে সুপার এইট পর্বে ওঠা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।
সর্বশেষ বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগেই টিকিট নিশ্চিত করেছে।
স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি নিউজিল্যান্ডও স্বাগতিক হওয়ায় তাদের ক্ষেত্রেও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফলে সুপার এইটে নিউজিল্যান্ডের উপস্থিতির কারণে র্যাঙ্কিং থেকে অতিরিক্ত একটি দল সুযোগ পাচ্ছে।
এ প্রেক্ষাপটে র্যাঙ্কিং তালিকায় থাকা আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।
আইসিসির বিবৃতিতে জানানো হয়, আগামী ৯ মার্চ পর্যন্ত দলের র্যাঙ্কিং বিবেচনা করা হবে। এর আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ না থাকায় তাদের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে র্যাঙ্কিংয়ের ১০ম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

