বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বগুড়া-৬ এবং ঢাকা-১৭ হতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করা ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর ১৬ ফেব্রুয়ারি হতে বগুড়া-৬ আসন শূন্য বলে ঘোষণা করা হলো।
এদিকে ইসি সূত্র জানিয়েছে, ইসি এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম শুরু করবে এবং পরবর্তীতে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বাংলাদেশের নির্বাচনী আইন ও রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও)-এর ধারা ১৯(২) অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করার এখতিয়ার রাখে। সেই আইনি প্রক্রিয়া মেনেই তারেক রহমান তার বগুড়া-৬ ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক চিঠি জমা দেন।
তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—উভয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তিনি বগুড়া-৬ আসনে ভোট পেয়েছিলেন দুই লাখ ১৬ হাজার ২৮৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
অপরদিকে, ঢাকা-১৭ আসনে তারেক রহমান ভোট পেয়েছিলেন ৭২ হাজার ৬৯৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম খালিদুজ্জামান পেয়েছিলেন ৬৮ হাজার ৩০০ ভোট।
রেডিওটুডে নিউজ/আনাম

